শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের পর উত্তাল জবি, ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষকদের
- আপডেট সময় ০৫:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ১৩২ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা চলমান আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করেছেন। শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
বৃহস্পতিবার (১৫ মে) কাকরাইলে চলমান অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন তিনি। তিনি বলেন, “আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি। আমাদের ওপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে, যা সম্পূর্ণ অরাজকতা ও অন্যায়। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। দাবি আদায়ের আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন চলবে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলবে না” ।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
1. বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা।
2. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন করা।
3. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা ।
বুধবার (১৪ মে) শিক্ষার্থীরা লংমার্চ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক আহত হন ।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে এবং বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে









